বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দীর্ঘ অভিনয়জীবনে এই প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন অক্ষয় কুমার ও রানি মুখার্জি। বলিপাড়ায় জোর গুঞ্জন, নতুন বছরেই আসতে চলেছে অক্ষয়ের জনপ্রিয় ছবি ‘ওএমজি’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি, আর সেখানেই দেখা যাবে এই দুই তারকার যুগলবন্দি। খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অনুরাগীরা। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে ‘ওএমজি ৩’ নিয়ে নানা জল্পনা চলছিল।
এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে রানি মুখার্জির নাম। গুঞ্জন সত্যি হলে এই ছবির হাত ধরেই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই হেভিওয়েট তারকাকে। ‘ওএমজি’ (২০১২) এবং ‘ওএমজি ২’ (২০২৩) দু’টি ছবিই দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সামাজিক ও ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সাহসী বক্তব্যের জন্য এই ফ্র্যাঞ্চাইজির আলাদা পরিচিতি তৈরি হয়েছে। সেই জনপ্রিয়তা মাথায় রেখেই নির্মাতারা তৃতীয় কিস্তি নিয়ে বেশ আশাবাদী। তার ওপর অক্ষয় ও রানি—এই দুই তারকার একসঙ্গে পর্দাভাগ করা ছবির আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ছবির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই নাকি ‘ওএমজি ৩’-এর শুটিং শুরু হওয়ার কথা। প্রথম দুই ছবির সাফল্যের পর তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে কোনোরকম খামতি রাখতে নারাজ অক্ষয় কুমার নিজেও। নতুন বছরের শুরুতেই এমন খবরে তাই দর্শকদের অপেক্ষা আরও তীব্র হয়েছে। ‘ওএমজি ৩’ আদৌ অক্ষয়-রানির প্রথম জুটি হিসেবে কতটা চমক দেখাতে পারে, এখন সেটাই দেখার।
