বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ। ধর্মকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়। আজ এই কথাগুলো মনে রেখে আমি গত নির্বাচনের হিসাবগুলো দেখাতে চাই। কত পারসেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলাম? পাঁচ পারসেন্ট? সাত পারসেন্টের বেশি না। রাতারাতি লাভ দিয়ে একান্নতে চলে যাবেন, এইটা মনে করি না। বাংলাদেশের মানুষ আপনাদের সহজে ভোট দেবে না। কারণ, আপনাদের তারা বিশ্বাস করে না।’
শনিবার চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এ কথা বলেন। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আজ একটা দল সংকটকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। যখন আমরা সবাই মিলে সংস্কারের সনদে সই করলাম পার্লামেন্টের সামনে ১৭ অক্টোবর। অনেক দল একমত হয়ে গেলাম, সই করলাম। এখন হঠাৎ করেই সেই দল বলতে শুরু করেছে, আমাদের পিআর দরকার। আপনারা পিআর বোঝেন? যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না, সেই জিনিস হঠাৎ করে ঘাড়ের মধ্যে চাপায় দিচ্ছে? লাফায় উঠছে যে তারা ক্ষমতায় যাবে।
