পরিবেশক নিয়োগ বাতিলকে কেন্দ্র করে দায়ের করা সালিশি মামলায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছেন আদালত। সাবেক পরিবেশক মাসুদ অ্যান্ড ব্রাদার্স ও অগ্রণী ট্রেডিং কর্পোরেশন কর্তৃক দায়ের করা সালিশি বিবিধ মামলা নং ৪৩৬/২০২৫ ও ৪৩৭/২০২৫ খারিজ করে দিয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা জজ আদালত নং–২।
আদালত সূত্র জানায়, পরিবেশকরা তাদের পরিবেশক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জেলা ও দায়রা জজ আদালতে সালিশি বিবিধ মামলাগুলো দায়ের করেন। একই সঙ্গে বাতিল নোটিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্ট এলাকায় নতুন পরিবেশক নিয়োগে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মামলাগুলোর আদেশ প্রদান করেন আদালত। রায়ে বলা হয়, পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ বা মেরিট না থাকায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করা হলো। এর মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় নিশ্চিত হয়।
এর আগে পরিবেশকরা ভুল ফোরামে দুটি ঘোষণামূলক মামলা ও দুটি অর্থ মামলা দায়ের করেছিলেন।
মামলার শুনানিকালে ইউনিলিভার বাংলাদেশ আদালতে তাদের অবস্থান তুলে ধরে জানায়, পরিবেশক নিয়োগ বাতিল সম্পূর্ণভাবে আইনানুগ এবং পরিবেশক চুক্তির শর্ত অনুযায়ী করা হয়েছে। পাশাপাশি ইউনিলিভারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পরিবেশকরা বিভিন্ন মামলায় গুরুত্বপূর্ণ নথি গোপন করেছেন এবং আদালতে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৮ জানুয়ারি মামলার মেরিটের ওপর শুনানি গ্রহণ করে এবং পরদিন রায় ঘোষণা করেন।
এই রায়ের মাধ্যমে নিশ্চিত হলো যে ইউনিলিভার বাংলাদেশ আইনসম্মতভাবে পরিবেশক নিয়োগ বাতিল করেছে এবং নতুনভাবে নিয়োগপ্রাপ্ত পরিবেশকের মাধ্যমে নির্বিঘ্নভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
ইউনিলিভার বাংলাদেশের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আশিম ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন। অপরদিকে পরিবেশকদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওমর ফারুক (ফারুকী) ও ব্যারিস্টার আবির আব্বাস।
