আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে ‘ধানের শীষ’ প্রতীকে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তবে, ভোটের লড়াইয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বিদ্রোহী প্রার্থীরা। তথ্য অনুযায়ী, নারী প্রার্থীর সংখ্যা মাত্র ১০ জন হলেও ৭৯টি আসনে বিএনপির ৯২ জন নেতা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
শরিকদের আসনে অস্বস্তি
বিএনপি ১২টি আসনে নিজেদের প্রার্থী না দিয়ে জোটের শরিকদের (এলডিপি, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রভৃতি) আসন ছেড়ে দিয়েছে। কোথাও শরিকরা নিজস্ব প্রতীকে, আবার কোথাও ধানের শীষ প্রতীকে লড়ছেন। তবে, সংকট তৈরি হয়েছে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে। শরিকদের ছেড়ে দেওয়া প্রায় প্রতিটি আসনেই বিএনপির প্রভাবশালী স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছেন। এতে যেমন জোটের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তেমনি এসব আসনে জয় নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। শরিক দলগুলোর নেতাদের মতে, বিএনপির হাইকমান্ড দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে না পারলে আসন সমঝোতার মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে। এটি জোটের দীর্ঘদিনের রাজনৈতিক আস্থার সম্পর্কেও ফাটল ধরাতে পারে।
