সরকারের পক্ষ থেকে ‘সংকট নেই’ বলে আশ্বস্ত করা হলেও বাস্তবে চরম হাহাকার চলছে এলপিজি গ্যাসের বাজারে। জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাসের ঠিক উল্টো চিত্র ফুটে উঠেছে রাজধানীসহ সারা দেশে। গুটিকয়েক কোম্পানি ছাড়া অধিকাংশের সরবরাহ বন্ধ থাকায় ১ হাজার ৩০০ টাকার সিলিন্ডার এখন বিক্রি হচ্ছে দুই হাজার থেকে ২২০০ টাকায়। নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ গুনেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। গত ৪ জানুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি করে। এক হাজার ২৫৬ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু বাজারে এর কাছাকাছি দামেও কোনো সিলিন্ডার নেই। প্রতিটি সিলিন্ডার বর্তমানে বিক্রি হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকায়। শীতকাল আসার সঙ্গে সঙ্গে পাইপলাইনে গ্যাসের চাপও আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে, সবমিলিয়ে গ্রাহকদের ভোগান্তি পৌঁছেছে তুঙ্গে।
