সুন্দরবনে ঘুরতে গিয়ে অপহরণের শিকার দুই পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও কোস্টগার্ডের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়। রোববার (৪ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রকাশ চন্দ্র।
দাকোপ থানা সূত্রে জানা যায়, দুই পর্যটক মো. সোহেল ও জনি এবং রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়কে উদ্ধার করে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।এর আগে, গত ২ জানুয়ারি নারী-পুরুষসহ চারজন পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোলকাননে’ বুকিং নিয়ে রাতযাপনের জন্য অবস্থান নেন। এদিন বিকেলে রিসোর্ট গোলকাননের মালিক শ্রীপতি বাছাড় ও চারজন পর্যটক একটি নৌকায় চড়ে রিসোর্ট-সংলগ্ন বনের ছোট খালে ভ্রমণে বের হন। এ সময় ওই খাল থেকেই নারীসহ পাঁচজনকে অস্ত্রের মুখে তুলে নেয় সশস্ত্র দস্যুরা।
পরে ওইদিন রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেওয়া হলেও রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে নিয়ে যায় দস্যুরা। এ ঘটনায় অপহৃত রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়ের এক ভাই বাদী হয়ে দাকোপ থানায় রোববার অপহরণ মামলা দায়ের করেন।
