ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে নিলামে ৯ কোটি ২০ লাখে দলে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আসর শুরুর আগে নিরাপত্তার অযুহাতে মোস্তাফিজকে আসর থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোর বোর্ড (বিসিসিআই)।
এই অবস্থায় ফেব্রুয়ারি-মার্চে ভারতে বিশ্বকাপের সময় বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ থাকবেন কি না, এ নিয়ে আজ প্রশ্ন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামের কাছে।
সিলেটে সংবাদ সম্মেলনে উত্তরে তিনি বলেছেন, ‘টুর্নামেন্ট (বিশ্বকাপ) আয়োজন করছে আইসিসি, ভারত হচ্ছে স্বাগতিক। আমাদের কিছু যোগাযোগ করার দরকার হলে আইসিসিতে করব।’
এবারের বিশ্বকাপে ভারতের সঙ্গে স্বাগতিক হিসেবে আছে শ্রীলংকাও। পাকিস্তান যেমন বিশ্বকাপে নিজেদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলংকায়। বিসিবিও আইসিসির কাছে এমন কিছু চাইবে কি না জানতে চাইলে মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, ‘আইসিসিই ঠিক করবে কোনটি উপযুক্ত ভেন্যু হবে।’
এক প্রশ্নের জবাবে আমজাদ বলেন, ‘ছোট করা হচ্ছে বা এই ধরনের ব্যাপারগুলো থেকে আমরা বেরিয়ে আসি। এই ধরনের অভিজ্ঞতা আগে আমাদের ছিল না। এটা প্রথমবার। আমাদের কাউন্টারপার্ট থেকেও আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পারিনি। কিছু না জানা পর্যন্ত তো কোনো অ্যাকশন নিতে পারছি না। আমরা যেটা বলছি, আমাদের ক্রিকেটারদের মর্যাদা, নিরাপত্তা, সব সময় আমাদের প্রাধান্য। সেটির জন্য সম্ভাব্য সেরা সিদ্ধান্ত আমরা নেব সময়মতো।’
