সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, শীতটাও গত কয়েকদিনের চেয়ে কিছুটা কম। এর সঙ্গে ঘরের দল সিলেট টাইটান্সের ম্যাচ। সবমিলিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে ঠাসা। এমন ম্যাচে অবশ্য সিলেটের ব্যাটাররা জ্বলে উঠতে পারেননি, তাতে দল পেয়েছে মাঝারি সংগ্রহ। এরপর সিলেটের বোলাররা লড়াই করলেও শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিওতে জয় পায় রংপুর রাইডার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর। আগে ব্যাটিং করে ১৪৪ রান করে সিলেট। জবাবে ৪ উইকেট হারিয়ে জয় পায় রংপুর। ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন রিয়াদ। ৩ ম্যাচে এটা রংপুরের দ্বিতীয় জয়। আর ৪ ম্যাচে এটা সিলেটের দ্বিতীয় হার।লক্ষ্য তাড়ায় ২১ রানে ডেভিড মালানকে হারায় রংপুর। পাওয়ার প্লেতে লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় জুটি গড়ার চেষ্টা করলেও রানের গতি ছিলো কম। ৬ ওভারের পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে জমা হয় ৩১ রান। অষ্টম ওভারে লিটনের দুই ক্যাচ ফেলেন নাসুম আহমেদ। তবে একই ওভারে হৃদয়কে তুলে নেন এই বাহাতি স্পিনার।
এরপর কাইল মায়ার্সকে নিয়ে এগোতে থাকেন লিটন। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৫৭ রান। ১৩তম ওভারে লিটনকে ফেরান সাইয়ুম আইয়ুব। লং অনে দুর্দান্ত ক্যাচ নেন আফিফ হোসেন ধ্রুব। ফেরার আগে ২৬ বলে ৩৫ রান করেন লিটন৷ ৭৮ রানে তৃতীয় উইকেট হারায় রংপুর। দুই ওভার পর কাইল মায়ার্সকেও হারায় তারা। ২৯ বলে ৩২ রান করা এই বাহাতিকে ফেরান ইথান ব্রুকস।
