সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ৮০ বছর বয়সে মারা যান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয়। ১৯৯১ সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কয়েক দশক ধরে এই দুই নেত্রীর নেতৃত্বেই দেশের ক্ষমতার পালাবদল ঘটেছে।
