যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তিতে সই করেছে টিকটকের চীনা মালিক বাইটড্যান্স। বৃহস্পতিবার কর্মীদের পাঠানো এক স্মারকে টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ এ তথ্য জানান। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালাতে যৌথ অংশীদারত্বের ওয়াশিংটনের চাপের অবসান ঘটতে পারে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসার একটি যৌথ উদ্যোগ (জেভি) গঠন করা হবে, যার ৫০ শতাংশ মালিকানা থাকবে ওরাকল, সিলভার লেক ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্সসহ কয়েকটি বিনিয়োগকারীর হাতে। আগামী ২২ জানুয়ারি চুক্তিটি চূড়ান্ত হতে পারে।
এ চুক্তি চূড়ান্ত হলে, বাইটড্যান্সের হাতে থাকবে ১৯ দশমিক ৯ শতাংশ মালিকানা। ওরাকল, সিলভার লেক ও আবুধাবিভিত্তিক এমজিএক্স প্রত্যেকে ১৫ শতাংশ করে শেয়ার পাবে। বাকি ৩০ দশমিক ১ শতাংশ থাকবে বাইটড্যান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের সহযোগী প্রতিষ্ঠানের হাতে। টিকটক বলছে, এ চুক্তির ফলে ১৭ কোটিরও বেশি মার্কিন ব্যবহারকারী একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সম্প্রদায়ের অংশ হিসেবে অসীম সম্ভাবনার জগৎ আবিষ্কার করতে পারবেন। দফায় দফায় বিলম্বের পর চুক্তিটি সম্পন্ন হচ্ছে। ২০২৪ সালের এপ্রিল মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস জাতীয় নিরাপত্তার কথা বলে টিকটক নিষিদ্ধের আইন পাস করে। নিষেধাজ্ঞা এড়াতে অ্যাপটি বিক্রির আলোচনাও হয়েছে। টিকটককে নিষিদ্ধ করার আইনটি কার্যকর হওয়ার কথা ছিল ২০২৫ সালের ২০ জানুয়ারি। তবে মালিকানা হস্তান্তরের চুক্তি চূড়ান্ত করতে গিয়ে ট্রাম্প প্রশাসন একাধিকবার সময়সীমা পিছিয়ে দেয়।
সুত্র: খবর বিবিসি
